নিজস্ব প্রতিবেদকঃ
ছাতকে এক নারীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার পৌর শহরের শ্যামপাড়া এলাকায় সন্ধ্যার পর এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের আব্দুন নূর পরিবার নিয়ে শ্যামপাড়া এলাকায় ভাড়াটে এক বাসায় বসবাস করে। একই এলাকার বাসিন্দা আজিজুর রহমানের ছেলে জাবেদ মিয়া প্রায় সময়ই আব্দুন নূরের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসতো।
সূত্রে জানা যায়, রবিবার ঘটনার সময় স্বামী আব্দুন নূর বাসায় না থাকায় পাশ্ববর্তী দোকানে বাজার করতে তার স্ত্রী ঘর থেকে বের হয়। সেসময় তাকে রাস্তায় একা পেয়ে জাবেদসহ তার সঙ্গীরা পাশ্ববর্তী নদীর পাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে তারা মহিলার মাথার চুল কেটে শারীরিক নির্যাতন করে। ওই সময় তার আত্নচিৎকারে তারা পালিয়ে যায়।
আহত মহিলাকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগী মহিলার স্বামী আব্দুন নূর জানান, তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।