বিনোদন ডেস্ক :: কোভিড-১৯ এর মহামারির ওপর ভিত্তি করে ভারতের মণিপুর রাজ্যে মণিপুরি ভাষায় ৩ থেকে ৫ মিনিটের প্রথম খাপরী ইন্টারন্যাশনাল মণিপুরি শর্ট ফিক্সন ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড লিস্টে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে হবিগঞ্জ জেলার চুনারুঘাটের উৎপলের তৈরি সিনেমা। সিনেমার গল্প লিখে তাকে সহযোগিতা করেছেন রংপুর মেডিকেলে অধ্যায়নরত ভারতীয় নাগরিক নিংথোজম বিদ্যারাণী।
জানা যায়, সোরাইজম উৎপল সিংহ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা। তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
সোরাইজম উৎপল সিংহের তৈরি সিনেমাটি গত ১৭ ফেব্রুয়ারি ২য় ধাপের বাছাইপর্বের ৪টি অ্যাওয়ার্ডের লিস্টে স্থান পাওয়ায় তার আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ফেস্টিব্যালের চেয়ারম্যান ডা. এস মনউতন সিং। এ সময় উপস্থিত ছিলেন, ওই ফিল ফেস্টিভ্যালের ডিরেক্টর কে এইচ বিশ্বনাথ মিত্রা, কনভেনার রাকেশ নাওরেম এবং কনসালটেন্ট এন জয়কুমার সিং।
জানা যায়, ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণ আগামী ২১ ফেব্রুয়ারি বেলা ১টায় টায় মেইপা ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
সিনেমাটি নিয়ে জানতে গেলে উৎপল সিংহ বলেন, কোভিড নিয়ে নিজের মেধায় যতটুকু পেরেছি ততটুকু কাজ করতে চেষ্টা করেছি। আমার ফিল্ম আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে বলে আমি আনন্দিত।
তিনি বলেন, কোভিড -১৯ মহামারি বিশ্বজুড়ে মানবসমাজে প্রচুর দুর্ভোগ নিয়ে এসেছে। অনেক দায়িত্বশীল ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে সময়োপযোগী পদক্ষেপের অভাবে সর্বত্র প্রচুর কষ্ট এবং উচ্চতর হতাহতের কারণ হয়ে দাঁড়িয়েছে। সঠিক ব্যবস্থা এবং প্রস্তুতিসহ একটি প্রতিক্রিয়াশীল সিস্টে করোনাভাইরাসের শিকার অনেক প্রিয় এবং নিকটস্থ লোকের ক্ষতি এড়াতে পারে। ফিল্মটি দেখিয়েছে কীভাবে লোকেরা অভাবী ব্যক্তিদের জন্য সম্ভাব্য সকল প্রকারের সাহায্য প্রসারিত করার চেষ্টা করে।
সোরাইজম উৎপল সিংহ আরও বলেন, গল্পটি লিখে দিয়ে ভারতীয় নাগরিক ও বর্তমানে রংপুর মেডিকেলে অধ্যয়নরত নিংথোজম বিদ্যারানী আন্তরিক সহযোগিতা করেছেন। সোরাইজম উৎপল সিংহ তার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সোরাইজম উৎপল সিংহ ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সাধারণ সম্পাদক এবং চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্বপালন করছেন।